ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন অনুসন্ধানী প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
রোববার (১৪ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া পোস্টে এ তথ্য জানান তিনি।
সায়ের লিখেছেন, ‘ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনার সাথে জড়িত শ্যুটার সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগী মোটরবাইক চালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের বর্তমান অবস্থান আসামের গুয়াহাটি শহরে।’
তিনি আরো লিখেছেন, ভারতে তাদের সহায়তা করছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন।
এআইএল/
