সুদানে ড্রোন হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত ছয় বাংলাদেশি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
ফোনালাপে জাতিসংঘ মহাসচিব বলেন, তিনি এই মর্মান্তিক ঘটনায় গভীরভাবে বিধ্বস্ত এবং ক্ষুব্ধ। নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের জন্য তিনি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সংহতি পুনর্ব্যক্ত করেন গুতেরেস।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রাণহানিতে তিনি গভীরভাবে শোকাহত। তিনি আহত সেনাদের দ্রুত উন্নত চিকিৎসার জন্য নিরাপদ স্থানে স্থানান্তর এবং নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরত আনার ব্যবস্থা নিশ্চিত করতে জাতিসংঘের সহায়তা কামনা করেন।
জবাবে গুতেরেস বলেন, আহত শান্তিরক্ষীদের প্রাথমিকভাবে সুদানের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসাসুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আহতদের চিকিৎসা ও নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ফোনালাপে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গত রমজানে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন। এ সময় উভয় নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা করেন।
প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে আশ্বস্ত করেন যে, অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে। এ বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন জাতিসংঘ মহাসচিবও।
টিএইচএ/
