যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

by Abid

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক তার দায়িত্বকাল শেষ হওয়ায় বুধবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পার্ক সুদানের আবিয়েই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সাম্প্রতিক ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষীর প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে শুভকামনা জানান এবং আগামী ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন
banner

বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় উঠে আসে বাংলাদেশে কোরীয় বিনিয়োগ সম্প্রসারণ, প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ)-এর অগ্রগতি, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়গুলো।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দায়িত্ব সফলভাবে সম্পন্ন করায় রাষ্ট্রদূত পার্ককে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ ধারাবাহিকভাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার চট্টগ্রামে কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনের দীর্ঘদিনের একটি জটিলতা নিরসন করেছে, যা দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। জবাবে রাষ্ট্রদূত পার্ক জানান, কোরিয়ার ইলেকট্রনিকস জায়ান্ট স্যামসাং বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণে আগ্রহ দেখাচ্ছে এবং এর অংশ হিসেবে দেশে মোবাইল ফোন উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশে আরও প্রশিক্ষণকেন্দ্র, বিশেষ করে কোরিয়ান ভাষা শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের বিষয়টি বিবেচনার আহ্বান জানান। এতে দেশের তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222