বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষিনীতি ও বাণিজ্য চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছেন কৃষকরা। বিক্ষোভের ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তীব্র অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
শত শত ট্রাক্টর নিয়ে কৃষক বিক্ষোভকারীরা ব্রাসেলসের রাস্তায় নেমে পড়লে একাধিক প্রধান সড়ক অবরুদ্ধ হয়ে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। এ সময় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা পুলিশের দিকে আলু ও ডিম নিক্ষেপ করে, পাশাপাশি ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
কৃষকদের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে প্রস্তাবিত বাণিজ্য চুক্তির ফলে ইউরোপীয় কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তাদের দাবি, কম দামে আমদানিকৃত বিদেশি, বিশেষ করে আমেরিকান পণ্য ইউরোপের বাজারে প্রবেশ করলে স্থানীয় কৃষিপণ্য প্রতিযোগিতায় টিকতে পারবে না।
এই বিক্ষোভ ইউরোপজুড়ে কৃষিখাতের ভবিষ্যৎ ও ইইউর বাণিজ্যনীতিকে ঘিরে চলমান অসন্তোষকে আরও স্পষ্ট করে তুলেছে।
সূত্র: জিও নিউজ।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
