ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা নূর আহমাদ নূর সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তিনি দেশের কয়েকজন রাজনৈতিক নেতা, ইসলামি সংগঠনের শীর্ষ ব্যক্তিত্ব এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সাক্ষাৎ করেন ও কয়েকটি মাদরাসা পরিদর্শন করেন।
বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরকে অন্তর্বর্তী সরকার “আন-অফিসিয়াল” হিসেবে উল্লেখ করলেও, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আফগান সংবাদমাধ্যম টোলো নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ–আফগানিস্তান চেম্বার অব কমার্সের সভাপতি আবু সায়েম খালেদ বলেন, কাবুলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই শীর্ষ কর্মকর্তার সফরের প্রধান লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্ভাবনা অনুসন্ধান এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি করা।
সফরকালে নূর আহমাদ নূর বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা মামুনুল হক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার (বেফাক) মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, নূর আহমাদ নূর সফরের অংশ হিসেবে তাদের একটি মাদরাসা পরিদর্শন করেন এবং শিক্ষাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
এটি বাংলাদেশে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তার প্রথম সফর বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
কূটনীতিকদের মতে, বাংলাদেশসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে যদি কৌশলগত ও পরিকল্পিত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলা যায়, তাহলে তা আফগানিস্তানের অর্থনৈতিক ও কূটনৈতিক অবস্থানের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সূত্র: টোলোনিউজ
হাআমা/
