নীলফামারীর ডিমলা উপজেলার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের (পিআইও) অধীন টিআর/কাবিখা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে ডিমলা অফিসের অফিস সহকারী মশিউর রহমান (৪০)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মশিউর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে রংপুর শহরের সিও বাজার এলাকায় একটি বাসায় আত্মগোপনে থাকা ওই কর্মচারীকে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর একটি দল গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
জানা গেছে, মশিউর রহমান বিভিন্ন প্রকল্পের টাকার হিসাবরক্ষক হিসেবে অফিস থেকে চেক তুলে অফিসে জমা না করে স্বাক্ষর জাল করে দুই দফায় ডিমলা সোনালী ব্যাংক পিএলসি শাখা থেকে মোট ৩০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা উত্তোলন করেন এবং আত্মগোপনে রাখেন। পরবর্তীতে অফিসে না আসায় অফিস প্রধান বিষয়টি সন্ধান করলে জানতে পারেন অফিস সহকারী মশিউর রহমান উক্ত টাকা উত্তোলন করে আত্মগোপনে রয়েছে। ডিমলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল হক বাদী হয়ে ২৯ ডিসেম্বর ডিমলা থানায় প্রতারণামূলক অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন।
র্যাব সূত্রে জানানো হয়েছে, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী এবং র্যাব-১৩ সদর কোম্পানী, রংপুর-এর যৌথ অভিযানে মশিউর রহমানকে ধরতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএআর/
