ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এই সিদ্ধান্ত জানান।
রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমানের দাখিল করা হলফনামা ও সংশ্লিষ্ট সব কাগজপত্র বিস্তারিতভাবে পরীক্ষা করে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায়নি। ফলে তার মনোনয়নপত্র গ্রহণে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেয়। দীর্ঘদিন পর নিবন্ধন ফিরে পাওয়ার পর এবারই প্রথমবারের মতো জামায়াতে ইসলামী নিজস্ব প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
নির্বাচনি তফসিল অনুযায়ী, ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ৪ জানুয়ারির মধ্যে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হবে। এরপর প্রার্থিতা নিয়ে কোনো আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ থাকবে। তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টিএইচএ/
