আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ৫৪ জেলার প্রতিনিধিত্বকারী এবং বিশ্বের ৪৬টি দেশ থেকে আগত সাড়ে চার শতাধিক প্রবাসীর অংশগ্রহণে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
হাড়কাঁপানো শীত উপেক্ষা করে পঞ্চগড়, কুড়িগ্রাম, পটুয়াখালী ও সাতক্ষীরার মতো সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চল থেকেও প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, কর্মশালার মূল লক্ষ্য ছিল প্রবাসীদের নানাবিধ সমস্যা নিয়ে সঠিক দিকনির্দেশনা প্রদান, সচেতনতা সৃষ্টি এবং প্রবাস জীবন ও পরিবার ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকর সহায়তা করা।
কর্মশালায় অভিবাসন, অর্থনীতি, আইন, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা বক্তব্য দেন। পাশাপাশি প্রবাসীদের পরিবার ব্যবস্থাপনা ও ‘রিমোট প্যারেন্টিং’ বিষয়ে বিশেষ একটি সেশন অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণকারীদের জন্য বাস্তবমুখী পরামর্শ তুলে ধরা হয়।
দর্শকদের মতামত প্রদান পর্বে ফেনী জেলার সৌদি আরবপ্রবাসী মনিরুজ্জামান আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান, যেন প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা হয়। এ সময় উপস্থিত প্রবাসীরা করতালি ও উচ্চস্বরে সমর্থন জানিয়ে তার প্রস্তাবের প্রতি একাত্মতা প্রকাশ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী অনেক প্রবাসী জানান, প্রবাসীদের নিয়ে এ ধরনের বাস্তবভিত্তিক ও সমন্বিত আয়োজন আগে কোথাও হয়েছে বলে তারা জানেন না। তারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বিভিন্ন পেশাজীবী ও শ্রেণি-পেশার মানুষকে নিয়ে এ ধরনের জনকল্যাণমূলক আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
হাআমা/
