প্রতিহিংসা বা প্রতিশোধের পরিণতি কী হতে পারে তা দেশের মানুষ ৫ আগস্ট দেখেছে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে কমিয়ে আনতে হবে। মতপার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, জনগণের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে গঠনমূলক সমালোচনা প্রত্যাশা করে দল।
তিনি আরও বলেন, দেশের মানুষ নানা স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে সামনে এগোতে চায়। সব আশা একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই আন্তরিকভাবে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এ সময় তিনি রাজধানীর পানি সংকট, তরুণদের কর্মসংস্থান, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং কৃষকদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ দলের শীর্ষস্থানীয় নেতারা।
গণমাধ্যমের পক্ষ থেকে সভায় অংশ নেন শফিক রেহমান, আবদুল হাই সিকদার, নুরুল কবির, মতিউর রহমান চৌধুরী, মাহমুদুর রহমান, আযম মীর, শাহিদুল হাসান, জহিরুল আলম, এম এ আজিজ, কাদের গণি চৌধুরী, হাসান হাফিজ, শহিদুল ইসলাম, খুরশীদ আলমসহ বিশিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা।
টিএইচএ/
