চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ

by Abid

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রুহুল আমিনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিস (শোকজ) জারি করা হয়েছে।

উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও সদর উপজেলার একাংশ) আসনের এই প্রার্থীকে শোকজ নোটিস দেয় নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। কমিটির প্রধান ও জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন গত মঙ্গলবার নোটিসটি জারি করেন।

বিজ্ঞাপন
banner

নোটিসে উল্লেখ করা হয়, আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে নিজের বক্তব্য বা ব্যাখ্যা প্রদান করতে হবে মো. রুহুল আমিনকে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গত ১২ জানুয়ারি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় এক দলীয় কর্মশালায় বক্তব্য দেন জামায়াত প্রার্থী মো. রুহুল আমিন। ওই বক্তব্যকে উসকানিমূলক ও নির্বাচনি আচরণবিধি পরিপন্থি দাবি করে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খানের প্রধান নির্বাচনি এজেন্ট এম এ সবুর একই দিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কাছে লিখিত অভিযোগ জমা দেন।

এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে অভিযোগটি পাঠানো হয়। অভিযোগ পর্যালোচনা শেষে কমিটি শোকজ নোটিস জারি করে।

নোটিসে আরও বলা হয়, অভিযোগের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে মো. রুহুল আমিনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন পাঠানো হতে পারে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222