কুষ্টিয়ার দৌলতপুরে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামিরুল ইসলাম জামু (৩৫) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। গ্রেফতার হওয়া জামু উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের আবু আফফানের বড় ছেলে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে স্থানীয় জনগণের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আপন চাচীকে হত্যার দায়ে মেহেরপুর জেলার গাংনী থানায় দায়ের করা একটি মামলায় আদালত জামুকে যাবজ্জীবন কারাদন্ড দেন। তবে রায়ের পর থেকেই সে পলাতক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শিতলাইপাড়া গ্রামের একটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোফাজ্জল হোসেনের ছেলে তারিকুল হোসেন (৩০) কে দন্ডপ্রাপ্ত জামুসহ ৮-১০ জন দূর্বৃত্ত জোরপূর্বক অপহরণ করার চেষ্টা করে। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করলে জামু ও তার সহযোগীরা পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে জামু আটক হয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জামুকে গ্রেফতার করে থানায় নেয়।
অপহরণের হাত থেকে রক্ষা পাওয়া তারিকুল হোসেন জানান, “হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি জামু ও তার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা ধাওয়া দিলে তারা আমাকে একটি বাঁশঝাড়ে মধ্যে হাত-পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে এবং জামুকে আটক করে। জামু’র সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তারা আমাকে অপহরণ ও আমার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে আসছিল।” জামুসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আকরামুল হক অভিযোগ করে বলেন, জামু ও তার সহযোগীরা হত্যাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তারা প্রভাবশালীদের সহায়তায় নিরীহ মানুষদের মামলায় ফাঁসিয়েছে ফয়দা লুটে থাকে। একই এলাকার সাবেক ইউপি সদস্য মকবুল হোসেন বলেন, জামিরুল ইসলাম জামু একজন ভয়ংকর অপরাধী। অর্থের বিনিময়ে সে যে কোনো অপরাধ করতে দ্বিধা করে না। একাধিক হত্যাকান্ড ঘটিয়ে তার দায় নিরীহ মানুষের ওপর চাপিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি ও অর্থবাণিজ্য করে আসছিল সে।
জামু গ্রেফতারের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, স্থানীয়দের সহায়তায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি জামিরুল ইসলাম জামুকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমএআর/
