হাসান আল মাহমুদ >>
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নামে মোহাম্মদপুর থেকে বছিলা পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে। বিষয়টি ৩৬ নিউজকে নিশ্চিত করেছেন এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ খান।
তিনি বলেন, ‘এ উদ্যোগকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার একটি প্রশংসনীয় ও সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করার আগে শাইখুল হাদিস (রহ.)-এর নাতি মাওলানা এহসানুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ সড়ক নামকরণের জন্য প্রয়োজনীয় অনুমোদন প্রদান করেন। এ সময় মাওলানা মামুনুল হক ও মাওলানা মাহফুজুল হকসহ দেশের আলেম-উলামা এবং শাইখুল হাদিস (রহ.)-এর হাজারো ছাত্রের সম্মান রক্ষার বিষয়টি গুরুত্ব পায়। পরবর্তীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা হয়।’
এ প্রসঙ্গে মাওলানা এহসানুল হক ৩৬ নিউজকে বলেন, ‘দীর্ঘদিন আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে এ বিষয়ে আবেদন করেছিলাম। তিনি বিষয়টি মনে রেখেছিলেন এবং পদত্যাগের আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পরে আমার নির্বাচনী ব্যস্ততা বাড়ায় কাজটির অগ্রগতি তেমনভাবে খোঁজ নিতে পারিনি। তবে এতটুকু জানতাম যে কাজটি এগোচ্ছে। দীর্ঘদিন পর ঢাকা উত্তর সিটি করপোরেশন এটি বাস্তবায়ন করলো।’
তিনি আরও বলেন, “সরকারি কাজের স্বাভাবিক দীর্ঘসূত্রতার মধ্যেও বিষয়টি বাস্তবায়ন হওয়ায় আমি আসিফ মাহমুদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পাশাপাশি এনসিপি নেতা মাওলানা সানাউল্লাহ খানের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করতে চাই। তাঁর সহযোগিতা না থাকলে এটি সম্ভব হতো না।”
এ উদ্যোগকে দেশের মুসলমান ও সাধারণ মানুষের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।
হাআমা/
