মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আমেনা বেগম (৩২) ও তার মেয়ে মরিয়ম (৮)। এ ঘটনার পর নিহত আমেনা বেগমের স্বামী মিজান মিয়া পলাতক রয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে দক্ষিণ রাজানগর গ্রামের মো. নূরুজ্জামানের কমল মঞ্জিল বাড়িতে এ ঘটনা ঘটে। আমেনা বেগমের স্বামীর নাম মিজান মিয়া। তারা নুরুজ্জামান সরকারের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৪ মাস আগে আমেনা বেগম ও তার পরিবার ওই এলাকায় বাসা ভাড়া নেন। দুপুর ১২ টার দিকে স্থানীয়রা বাসায় গিয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে ভেতরে মা ও মেয়ের মরদেহ দেখতে পান।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”
নিহত আমেনা বেগমের স্বামী মিজান ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএআর/
