প্রায় ২১ বছর পর শ্বশুরবাড়িতে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে পৌঁছান তিনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, মধ্যরাতে শ্বশুরবাড়িতে পৌঁছে তারেক রহমান সেখানে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিনী ডা. জোবায়দা রহমান। জিয়ারত শেষে তিনি স্বজনদের সঙ্গে নৈশভোজে অংশ নেন। দীর্ঘ সময় পর জামাতার আগমনে শ্বশুরবাড়িতে ছিল এলাহি আয়োজন। তাকে বরণ করে নিতে রান্না করা হয়েছিল ৪০ হাঁড়ি ঐতিহ্যবাহী সিলেটী ‘আখনি’। দোয়া মাহফিল শেষে এই খাবার প্রায় ১২ হাজার সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার অংশ হিসেবে বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সপরিবারে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে যান। এরপর রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেন বিএনপির এই শীর্ষ নেতা। মাজার জিয়ারত শেষে বিপুলসংখ্যক নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনা নিয়ে তিনি দক্ষিণ সুরমার উদ্দেশ্যে রওনা হন।
টিএইচএ/
