নিখোঁজের ২৩ ঘন্টা পর বাকপ্রতিবন্ধী শিশু আরিফের মৃতদেহ উদ্ধার

by Fatih Work

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি :

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধারাবর্ষা এলাকায় যমুনা নদীতে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর এক বাকপ্রতিবন্ধী শিশু আরিফের (৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু আরিফ (৮) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ আড়াই ঘণ্টার উদ্ধার তৎপরতা শেষে শিশুটির মৃতদেহ উদ্ধার করে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল।

পরিবারের স্বজনেরা জানান, “আরিফ তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। বাড়িটি নদীর তীরবর্তী হওয়ায় সে প্রায়ই নদীতে গোসল করতে যেতো। সে বাক প্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার দুপুর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রাতে জামালপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।”

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দুকুর রহমান বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধারাবর্ষা এলাকা থেকে যমুনা নদীতে একটি শিশু নিখোঁজের সংবাদ পাই। শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর শিশু আরিফের মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222