নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক কর্মসূচিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের ভয়াবহ সংঘর্ষে আজাহার নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এই সহিংসতার ঘটনা ঘটে। নিহত আজাহার কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এই ঘটনায় আরও অন্তত ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই রাতে কাঞ্চন পৌর এলাকায় একটি দলীয় উঠান বৈঠকের আয়োজন করা হয়েছিল। সভার একপর্যায়ে নামের তালিকায় জ্যেষ্ঠতা এবং নামের আগে-পরে থাকা নিয়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডার সৃষ্টি হয়। তর্কের একপর্যায়ে উভয় পক্ষ উত্তেজিত হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের হামলায় আজাহার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজনৈতিক কর্মসূচিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার অথবা সংশ্লিষ্ট দলের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টিএইচএ/
