নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে গিয়ে ক্ষমা, আলোচনায় নাসীরুদ্দীন পাটোয়ারী

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >>

হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব ও আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)–কে নিয়ে মিথ্যাচার ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন
banner

আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে এ বিক্ষোভ শুরু হয়। তবে বিক্ষোভ শুরুর পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন আলোচিত ব্যক্তি নাসীরুদ্দীন পাটোয়ারী নিজেই। বিক্ষোভস্থলের সামনেই তাকে দেখা যায় এবং একপর্যায়ে তিনি সেখানে বক্তব্যও দেন।

বিক্ষোভে উপস্থিত থেকে নাসীরুদ্দীন পাটোয়ারী মুফতি লুৎফর রহমান ফরায়েজের সঙ্গে কথোপকথনে অংশ নেন। পরে গণমাধ্যমের সামনেই আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)–কে নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

এ ঘটনার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এরপর নাসীরুদ্দীন পাটোয়ারী নিজের ফেসবুক পোস্টে লেখেন, “আমার কথায় বা আচরণে যাঁরা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।”

বায়তুল মোকাররমে নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভে উপস্থিত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারী।

এ ঘটনাকে রাজনীতিতে ব্যতিক্রমী ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন অনেকে। রোকন রাইয়ান বলেন, “যার বিরুদ্ধে মিছিল, সেই মিছিলে হাজির—এমন দৃশ্য আমরা প্রথম দেখলাম। বিষয়টি ভালো লেগেছে।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে নাসীরুদ্দীন পাটোয়ারী আরও সংযত আচরণ করবেন।

সালাহউদ্দিন জাহাঙ্গীর এক মন্তব্যে বলেন, ভুলভ্রান্তি সংশোধন করে স্বচ্ছ রাজনীতির ধারায় তরুণরা এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।

এর আগে আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.)–কে নিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যকে ‘গালগল্প’ আখ্যা দিয়ে সমালোচনা করেন একাধিক ব্যক্তি। তারা দাবি করেন, আপোষহীন আলেম হিসেবে পরিচিত বাবুনগরী (রহ.) নানা চাপ ও প্রলোভন প্রত্যাখ্যান করে জেল-জুলুম সহ্য করেছেন, তার বিরুদ্ধে দলিলবিহীন গল্প বিশ্বাসযোগ্য নয়।

জারির ফারাজদাক ব্যঙ্গ করে বলেন, নিজের বিরুদ্ধে ডাকা সমাবেশে হাজির হয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী লোকসংখ্যাই বাড়িয়েছেন, ফলে প্রতিবাদ সমাবেশ এক ধরনের তামাশায় রূপ নেয়।

অন্যদিকে আব্দুস সামাদ আজিজ বলেন, প্রকাশ্যে ক্ষমা চাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি এবং ভবিষ্যতে এমন মনগড়া মন্তব্য না করার অঙ্গীকার প্রত্যাশা করেন।

শিপার মাহমুদ মন্তব্য করেন, রাজনীতিতে এমন দৃশ্য বিরল। ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করায় নাসীরুদ্দীন পাটোয়ারীকে ধন্যবাদ জানান তিনি।

এদিকে এনসিপির নেতা মাওলানা সানাউল্লাহ খান বলেন, বায়তুল মোকাররমে নাসীরুদ্দীন পাটোয়ারীর বিরুদ্ধে আহ্বান করা কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হয়েছিল। তবে নাসীরুদ্দীন পাটোয়ারীর অপ্রত্যাশিতভাবে কর্মসূচিতে উপস্থিত হয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মাধ্যমে সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, কর্মসূচি শেষে নাসীরুদ্দীন পাটোয়ারী একাধিকবার গণমাধ্যমের সামনে অনুতাপ প্রকাশ করেন। তবে কিছু বিশৃঙ্খলাকারীর অশালীন স্লোগান ও কর্মকাণ্ডে আয়োজকেরা বিব্রত হন এবং একপর্যায়ে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222