পাচারকৃত অর্থ ফেরানো সহজ নয়: অর্থ উপদেষ্টা

by Fatih Work

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিপুল পরিমাণ অর্থের উৎস ও অবস্থান শনাক্ত করা গেলেও তা ফিরিয়ে আনা বেশ জটিল ও সময়সাপেক্ষ কাজ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, অত্যন্ত দক্ষ ও কৌশলী ব্যক্তিদের মাধ্যমে অতীতে অর্থ পাচারের এসব ঘটনা ঘটানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

ড. সালেহউদ্দিন আহমেদ জানান, দেশ থেকে ঠিক কত পরিমাণ অর্থ অবৈধভাবে দেশের বাইরে পাঠানো হয়েছে, তার সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও নির্ণয় করা সম্ভব হয়নি। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে নির্বাচিত সরকার যদি এই বিষয়ে আন্তরিকতা ও তৎপরতা প্রদর্শন করে, তবেই এই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। এসময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক কার্যক্রমগুলোর ধারাবাহিকতা রক্ষায় পরবর্তী সরকারের প্রতি আহ্বান জানান এবং সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিজের ব্যক্তিগত স্বচ্ছতার বিষয়ে উপদেষ্টা বলেন, “আমি ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে আমার যাবতীয় সম্পদের হিসাব জমা দিয়েছি। আশা করছি, ভবিষ্যৎ সরকারের আমলে কোনো ধরনের আইনি জটিলতা বা মামলার সম্মুখীন হতে হবে না।” তিনি আরও জানান, বর্তমান উপদেষ্টা পরিষদের সকল সদস্যের সম্পদের বিবরণী আগামী দু-এক দিনের মধ্যেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জনসমক্ষে প্রকাশ করা হতে পারে।

সালেহউদ্দিন আহমেদ দাবি করেন, বিগত ১৮ মাসে অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে এমন একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়েছে, যেখান থেকে বাংলাদেশ দ্রুত এগিয়ে যেতে পারবে। তিনি আরও বলেন, আগামীতে নির্বাচিত সরকার যদি মনে করে, তবে তারা বর্তমান উপদেষ্টা পরিষদের কোনো অনিয়ম বা দুর্নীতি খতিয়ে দেখতে ‘শ্বেতপত্র’ প্রকাশের পূর্ণ অধিকার রাখে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222