১৩ বছর বয়সী স্কুলছাত্র প্রদীপ নাগ ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় নিহত হয়েছে। প্রদীপ নাগ ছিলেন জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজারের জয় মা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সুজন নাগের ছেলে। সুজন নাগ মদন পৌর শহরের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। প্রদীপ জাহাঙ্গীরপুর তহুরা আমীন পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় মদন-কেন্দুয়া রোডে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল পৌনে পাঁচটার দিকে প্রদীপ নিজ বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে মদন-কেন্দুয়া রোডে একটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন ঘোষ তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশী রূপণ দাস বলেন, “যে স্থানে প্রদীপ দুর্ঘটনার শিকার হয়েছেন, সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের কাছে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানাচ্ছি।”
মদন থানার ওসি হাসনাত জামান বলেন, “দুর্ঘটনার বিষয়টি জানা গেছে। অভিযোগ এলে তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এমএআর/
