চট্টগ্রামে পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: চট্টগ্রামে পৃথক দুটি স্থানে পাহাড়ধসের ঘটনায় ১০ মাস বয়সী এক শিশুসহ মোট দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের বায়েজিদ বোস্তামী থানার চশমা হিলের মেয়র গলি এবং সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে এসব দুর্ঘটনা ঘটে। চার দিন ধরে টানা বর্ষণের কারণে পাহাড়গুলো বিপজ্জনক হয়ে পড়ায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

উপজেলা ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের বাগানবাড়ির ৬ নম্বর সমাজ এলাকায় একটি পাহাড়ধসে পড়ে। এতে মাটিচাপা পড়ে ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম ওরফে তানভীরের মৃত্যু হয়। দুর্ঘটনায় শিশুটির মা লামিয়া আক্তার গুরুতর আহত হলে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। টানা বৃষ্টির কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করা সত্ত্বেও অনেকে সরে যাননি বলে জানান এই কর্মকর্তা।

বিজ্ঞাপন
banner

একই দিনে দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন চশমা হিলের মেয়র গলি এলাকায় অপর এক পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মাটিচাপা পড়ে সামিয়া ইসলাম (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়। খবর পেয়ে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুপুরের দিকে তার লাশ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিবৃষ্টির কারণেই পাহাড়ের অংশ ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে। পাহাড়ের পাদদেশে অবস্থানরতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222