দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ী দল হিসেবে রাষ্ট্র পরিচালনার আনুষ্ঠানিকতা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে আয়োজিত সংসদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করেন।
আজ সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে এক আবেগঘন পরিবেশে বিএনপির সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত এমপিরা সংসদ ভবনের নির্ধারিত বুথে ডিজিটাল স্বাক্ষর, আঙুলের ছাপ ও পরিচয়পত্রের জন্য ছবি তোলার প্রক্রিয়া সম্পন্ন করেন। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিএনপির পর ক্রমান্বয়ে বিএনপি জোটের শরিক এবং দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান সিইসি। সংসদ ভবন এলাকায় সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক ভিড় ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে, যা সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ তৎপর থাকতে দেখা যায়।
টিএইচএ/
