এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে সাজাপ্রাপ্ত আসামি পারভেজ ওরফে টেম্পো (১৯)। সে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর গ্রামের মো. ছবর আলীর ছেলে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক জানান- ২০১৭ সালের ২৫ মে দেওয়ানগঞ্জ উপজেলায় নিজ বাড়ির কাছে খেলার সময় লিচু খাওয়ার প্রলোভন দেখিয়ে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে পারভেজ।
এই ঘটনার পর ভুক্তভোগীর মা পারভেজের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামি পারভেজকে ধর্ষণ অপরাধের জন্য অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করে পারভেজের অনুপস্থিতিতে আদালত এই রায় দেন বলে জানিয়েছে আইনজীবী মো. ফজলুল হক।
এমএআর/
