বিনা খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবন প্রাঙ্গণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ বিমানবন্দর থেকে নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে সরকারের সক্ষমতা বাড়ানো হচ্ছে। আগে থেকেই তিনটি গাড়ি এ কাজে নিয়োজিত ছিল, নতুন করে আরও দুটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় মরদেহ দ্রুত ও সুরক্ষিতভাবে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার বিষয়টি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এ ছাড়া মরদেহ দেশে পৌঁছানোর পর তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, যারা জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-তে নিবন্ধন করে বৈধভাবে প্রবাসে যান, তাদের জন্য সরকার নির্ধারিত ক্ষতিপূরণ হিসেবে ১৩ লাখ টাকা প্রদান করা হয়। এ ধরনের সহায়তা প্রবাসী পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।
টিএইচএ/
