আফগান সীমান্ত সংঘর্ষে নিহতের সংখ্যা ডজন ছাড়িয়েছে: জাতিসংঘ

by Abid

আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত এলাকায় তালিবান ও পাকিস্তানি বাহিনীর মধ্যে চলমান ভয়াবহ সশস্ত্র সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক আন্ডার-সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার। তিনি জানান, কয়েক দিনের এই সংঘাতের ফলে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামোও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তোরখাম সীমান্ত ক্রসিং সংলগ্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) পরিচালিত একটি হাসপাতাল ও প্রত্যাগতদের অভ্যর্থনা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় মানবিক সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

সংঘাতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের এলাকা ছাড়ার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা। এখন পর্যন্ত ১৬ হাজারেরও বেশি পরিবার প্রাণ বাঁচাতে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে, যা আফগানিস্তানের আগে থেকে চলমান অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের তালিকায় নতুন সংকট যোগ করেছে। সংঘাতের কারণে সীমান্ত পারাপার বন্ধ হয়ে যাওয়ায় ১৬৮টিরও বেশি পণ্যবাহী কনটেইনার আটকা পড়ে আছে। এছাড়া নিরাপত্তা ঝুঁকি ও ফ্লাইট স্থগিত হওয়ার ফলে দুস্থ মানুষের কাছে জাতিসংঘের প্রয়োজনীয় ত্রাণ ও ওষুধ পৌঁছানোও বর্তমানে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে ফ্লেচার সতর্ক করেছেন।

যুদ্ধকবলিত এলাকার বাসিন্দারা বর্তমানে চরম অনিশ্চয়তা ও খাদ্য সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। সীমান্ত এলাকায় দুই পক্ষের ভারী অস্ত্রশস্ত্র ব্যবহারের ফলে বেসামরিক ঘরবাড়ি ও স্থাপনার ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। জাতিসংঘ পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি অবিলম্বে সংঘাত বন্ধ করে মানবিক করিডোর সচল করার আহ্বান জানিয়েছে। সীমান্ত উত্তেজনার ফলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় বাজারে নিত্যপণ্যের দামও আকাশচুম্বী হতে শুরু করেছে, যা সাধারণ মানুষের দুর্ভোগকে চরমে পৌঁছে দিয়েছে।

তথ্যসূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222