লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের কিরিয়াত শমোনা শহরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে। বৈরুত এবং দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলার দাঁতভাঙা জবাব দিতেই এই আক্রমণ চালানো হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, তারা পরিকল্পিতভাবে ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এই ড্রোন হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ডের আল-মালিকিয়া এলাকায় রকেট হামলা চালানোর দাবি করে। লেবাননের আইতারুন শহরের ঠিক বিপরীতে অবস্থিত এই এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে এই রকেটগুলো নিক্ষেপ করা হয়। সীমান্তে চলমান এই উত্তেজনার ফলে দুই দেশের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে যুদ্ধের দামামা আরও প্রবলভাবে বাজছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে পাল্টা ব্যবস্থা গ্রহণের কথা জানানো হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিক বিস্তারিত কিছু জানা যায়নি।
তথ্যসূত্র: আল জাজিরা
টিএইচএ/
