ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

by Fatih Work

ভোলা-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) নবনির্বাচিত সংসদের প্রথম অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি এই পদে নির্বাচিত হন। অধিবেশনের শুরুতে সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য কেবল একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে এবং সেটি হচ্ছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের। তিনি এই পদের দায়িত্ব পালনে লিখিত সম্মতিও প্রদান করেছেন।

বিজ্ঞাপন
banner

অধিবেশনে স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং সেই প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম। পরে কণ্ঠভোটে প্রস্তাবটি পাস হলে সভাপতি তাকে বিজয়ী ঘোষণা করেন। বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যক্তিগত ক্যারিয়ারের অধিকারী ৮১ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন। রাজনীতিতে আসার আগে তিনি পাকিস্তান ফুটবল দলের অধিনায়ক এবং ১৯৬৪ সাল থেকে টানা তিনবার পূর্ব পাকিস্তানের দ্রুততম মানব ছিলেন। তার পিতা ডা. আজহার উদ্দিনও পাকিস্তান আমলের প্রথিতযশা জনপ্রতিনিধি ছিলেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির টিকিটে এবং ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে ১৯৯২ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৯৬ ও ২০০১ সালেও টানা জয়ী হন। সংসদীয় ক্যারিয়ারে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বর্তমানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কর্মরত আছেন। দীর্ঘ সংসদীয় অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে তাকে সংসদের অভিভাবক হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222