এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি): জামালপুর সদর উপজেলায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার পাকুল্যা মধ্যপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে মো. ফারুক হোসেন, আলী আকবরের ছেলে মুনছুর আলী এবং শফিকুল ইসলামের ছেলে ফেরদৌস হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই পলাতক ছিলেন। অন্যদিকে, অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি একই এলাকার জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার পাকুল্লা এলাকায় ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী অবস্থান করছিলেন। সে সময় আসামিরা স্বামীকে জোরপূর্বক গাছের সঙ্গে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এই ন্যাক্কারজনক ঘটনার পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করে। আদালত চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
টিএইচএ/
