মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিংস্টোন হোটেলে বাংলাদেশি ইয়ুথ কমিউনিটির উদ্যোগে এক বর্ণাঢ্য দোয়া, ইফতার মাহফিল এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বজয়ী হাফেজরা, যেখানে অত্যন্ত নিপুণ তিলাওয়াতের মাধ্যমে প্রথম স্থান অধিকার করেন হাফেজ ইব্রাহিম শেখ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআনের শিক্ষা ছড়িয়ে দিতে এবং দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখতেই এই বিশেষ আয়োজনের উদ্যোগ নেয় সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিশিষ্ট নাগরিক দাতো ডা. হাসনিজাল হাসান (ডেপুটি প্রেসিডেন্ট টিংকু জারিল সুলাইমান এবং মেম্বার অফ রয়েল ফ্যামিলি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের মিনিস্টার (লেবার) মো. সিদ্দিকুর রহমান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিম ইফা গ্লোবাল (এম) এসডিএন বিএইচডির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন (সিআইপি), এক্সট্রিম ফাইভের চেয়ারম্যান দাতো রওশন দাস, বিএম প্লাটিনাম গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুমন আহমেদ এবং সোনালী জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর সিদ্দিক (নাছিম)। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শারিফুল ইসলাম শরিফ, মোহাম্মদ তোফায়েল আহমেদ ও মোহাম্মদ আজিজুল হক অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসীদের উৎসাহিত করেন।
বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ রাজু ও ফাউন্ডার সেক্রেটারি মোহাম্মদ রমজানের নেতৃত্বে অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আব্দুল মজিদ, খান তারিকুল, মোহাম্মদ রাসেল এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহাগসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেন। প্রতিযোগিতায় বিচারকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা, ক্বারী আবু রায়হান, হাফেজ জুবায়ের আহমেদ তাসরিফ এবং হাফেজ মাওলানা ইকরামুল হক। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন মো. জুবায়ের হোসেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে আয়োজক কমিটির পক্ষ থেকে মালয়েশিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন প্রবাসী গণমাধ্যম কর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়। একইসাথে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে সার্টিফিকেট এবং বিচারকদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা। ইফতার মাহফিলটি প্রবাসীদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়, যা বিদেশের মাটিতে দেশীয় ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।
টিএইচএ/
