১০ দিনের যুদ্ধবিরতি চান ট্রাম্প, হামলা থামাতে নারাজ ইসরাইল

by Abid

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনা প্রশমনে ইরানের জ্বালানি অবকাঠামোতে সম্ভাব্য হামলা আরও ১০ দিন স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক প্রচেষ্টাকে কার্যত উপেক্ষা করে ইরানের ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের জ্বালানি খাতের ওপর কোনো প্রকার হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্পের দাবি, ইরানের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা বর্তমানে ‘খুব ভালোভাবে’ এগোচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্টের এই আশাবাদের ঠিক উল্টো অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক মধ্যস্থতা চললেও ইরানের ওপর হামলা থামাবে না তেল আবিব।

এদিকে সংঘাতের ক্ষয়ক্ষতির চিত্র ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফরিয়ান আল-জাজিরাকে জানিয়েছেন, দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ৯৩৭ জন প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী লেবাননের পরিস্থিতিও অত্যন্ত সংকটাপন্ন। গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় সেখানে ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এই অবস্থায় ইসরায়েল এক নতুন সামরিক নির্দেশনায় জাহরানি নদীর দক্ষিণে বসবাসকারী সব লেবাননি বাসিন্দাকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য যে, এই নদীটি ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত। অন্যদিকে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তান বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে, ইসলামাবাদ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান করছে। এই শান্তি প্রক্রিয়ায় তুরস্ক ও মিশরও পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222