তেলের কালোবাজারি রোধে প্রয়োজনে মৃত্যুদণ্ডের শাস্তি প্রয়োগ করা হবে: আইনমন্ত্রী

by Abid

মজুতদারি ও কালোবাজারি করে তেলের কৃত্রিম সংকট তৈরি করার জন্য মৃত্যুদণ্ড হতে পারে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান।

শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপায় এক খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

এসময় জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আইনমন্ত্রী বলেন, যারা মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে তেলের কৃত্রিম সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রয়োগ করা হতে পারে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেয়ার পাশাপাশি নিজ দলের কোনো নেতাকর্মী জড়িত থাকলেও তাকে সবার আগে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, ‘তেল সংকট কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে। এই সংকটটা তৈরি হচ্ছে এক শ্রেণির মানুষ অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য মোটরসাইকেল নিয়ে এসে গাড়ি নিয়ে এসে একই তেল একই দিনে দুই তিনবার তারা লাইন দিয়ে তেল নিয়ে গিয়ে বাসায় রেখে বোতলে ভর্তি করে ড্রামে ভর্তি করে রেখে আবার তেল নিতে আসছেন।’

তিনি বলেন, ‘আমরা এতদিন সফট লাইনে ছিলাম। আমরা বলেছি ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে সেকশন ২৫-এ যে শাস্তির বিধান করা হয়েছে প্রয়োজন বোধে সেই শাস্তি আমরা প্রয়োগ করব, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা সেই কারণে প্রশাসনকে বলছি আপনারা কঠোর হন।’

তিনি আরও বলেন, ‘যদি বিএনপির কোনো নেতাকর্মী এর সাথে জড়িত থাকে সবার আগে তাকে গ্রেফতার করবেন। যদি বিএনপির কোনো নেতাকর্মী এই অকাম করে তাকে কড়া করে কারাগারে নেন। যদি কেউ তার পক্ষে তদবির করতে আসে তাকেও গ্রেফতার করুন সহযোগী হিসেবে। আমরা যেকোনো মূল্যে কালোবাজারি এবং মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, ‘ভাইয়েরা আমার, এখানেই প্রতারণার ফাঁদ। জুলাই সনদ থাকা না থাকার উপরে গণভোটের ভোট বাতিল হওয়া না হওয়া নির্ভর করে না। জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় এবং কার্যকরী।’

তিনি বলেন, ‘আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। এখানে কোনো ইফস্ এন্ড বাটস নাই। সুতরাং যারা বলছেন গণভোট বাতিল হলে জুলাই সনদ বাতিল হবে, তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।’

মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিল হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘প্রিয় বন্ধুরা, এর কোনোটিই বাতিলের খাতায় নাই, এর সবগুলো হলো পরবর্তীতে যাচাই-বাছাই সাপেক্ষে আমরা আবার ফিরে আসবো নতুন বিল নিয়ে সেই কথা বলছি।’

কৃষক ও সাধারণ মানুষের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘প্রথম ক্যাবিনেট মিটিংয়ে যে কাজটি করেছেন সেটা হলো ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লক্ষ কৃষকের কৃষি ঋণ মকুফ করেছেন। অল্প কিছুদিনের মধ্যেই নেক্সট বাজেটের মধ্যেই আমরা ব্যাপক হারে ফ্যামিলি কার্ড দেয়া শুরু করব। ইতিমধ্যেই ৩৮ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে।’

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222