নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবুকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে এক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও একজন পুলিশ পরিদর্শকসহ ছয়জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ এপ্রিল) বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) কর্তৃক সংগৃহীত একটি চার্জশিট থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। অভিযুক্ত ছয়জনই বর্তমানে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছেন।
কর্তৃপক্ষের দাখিলকৃত ১৩ দফার ওই চার্জশিটে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা ফেডারেল রিপাবলিকের প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং রাষ্ট্রক্ষমতা দখলের লক্ষ্যে নিজেদের মধ্যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। এই মামলায় সপ্তম সন্দেহভাজন হিসেবে বায়েলসা রাজ্যের সাবেক গভর্নর টিম্প্রে সিলভাকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার তথ্য গোপন করার অভিযোগ থাকলেও তিনি বর্তমানে পলাতক রয়েছেন। নাইজেরিয়া সরকার গত জানুয়ারি মাসেই এই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাৎ করার দাবি করেছিল এবং বেশ কয়েকজন সামরিক কর্মকর্তাকে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছিল।
উল্লেখ্য, ২০২৫ সালে নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ ১৬ জন কর্মকর্তাকে ‘শৃঙ্খলা ভঙ্গ এবং চাকরির বিধিমালা লঙ্ঘনের’ দায়ে গ্রেপ্তার করেছিল। সেই সময় অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা শুরুতে অস্বীকার করেছিল। তবে মঙ্গলবারের এই চার্জশিটের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে, সেই গ্রেপ্তারগুলোর সঙ্গে বর্তমান রাষ্ট্রদ্রোহ মামলার যোগসূত্র রয়েছে। নাইজেরিয়া বিংশ শতাব্দীতে পাঁচটি সফল অভ্যুত্থানের সাক্ষী হলেও ১৯৯৯ সালে গণতন্ত্রে ফেরার পর থেকে দেশটিতে আর কোনো সামরিক শাসন আসেনি।
তথ্যসূত্র: আরব নিউজ
টিএইচএ/
