চলমান এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে ভুল প্রশ্নপত্র বিতরণ হলে এর দায়ভার কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকদের ওপর বর্তাবে বলে কঠোর নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। এ অবস্থায় পরীক্ষার্থীদের মধ্যে সঠিক প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা জারি করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুযায়ী এসএসসি ২০২৬ পরীক্ষার জন্য দুটি আলাদা সিলেবাসে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। এর মধ্যে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা ২০২৩-২০২৪ সেশন বা তার আগের, তারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে অংশ নেবে।
অন্যদিকে, নিয়মিত পরীক্ষার্থীরা ২০২৪-২০২৫ সেশনের, তারা ২০২৬ সালের নির্ধারিত সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা দেবে।
বোর্ড জানায়, দুই ধরনের পরীক্ষার্থীর জন্য আলাদা প্রশ্নপত্র থাকায় পরীক্ষাকেন্দ্রে সেগুলো সঠিকভাবে বিতরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নপত্র বিতরণের আগে সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস ও প্রশ্নপত্রের কোড ভালোভাবে যাচাই করতে বলা হয়েছে। কোনো ধরনের অসাবধানতা বা ভুল সম্পূর্ণভাবে এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রশ্নপত্র বিতরণে কোনো ধরনের ত্রুটি ধরা পড়লে সংশ্লিষ্ট কেন্দ্রসচিব ও কক্ষ প্রত্যবেক্ষকদের দায়ী করা হবে। তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে এবং পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।
উল্লেখ্য, গতকাল সোমবার (২১ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত এবং প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।
এনআর/
