মোঃ নিজাম উদ্দিন স্বাধীন, ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা নিয়োগপত্রের দাবিতে রাজপথে নেমেছেন।
রোববার সকাল থেকে রাজধানীর শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থানের ফলে চরম উত্তেজনা বিরাজ করছে। নির্ধারিত সময়ের আড়াই মাস পেরিয়ে গেলেও নিয়োগপত্র হাতে না পাওয়ায় ‘দেরির বোঝা বইব না, নিয়োগ ছাড়া ফিরব না’ এই সংকল্প নিয়ে কয়েক শ’ হবু শিক্ষক এই আন্দোলনে অংশ নেন।
সরেজমিনে দেখা গেছে, আজ রোববার সকাল ১০টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনকারীরা একটি মিছিল বের করেন। মিছিলটি মূল সড়কের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় আন্দোলনকারীরা সড়কের ওপর বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে ‘প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চাই’, ‘শ্রেণিকক্ষে যেতে চাই, শিক্ষার্থীরা অপেক্ষায়’ এমন সব দাবি ও আকুতির কথা লেখা ছিল। এক পর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হলে পরিস্থিতির অবনতি ঘটে এবং উভয় পক্ষ দীর্ঘ সময় মুখোমুখি অবস্থানে থাকে।
আন্দোলনরত শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আড়াই মাস আগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে এখনো কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এমনকি কেন এই বিলম্ব করা হচ্ছে, সে বিষয়েও প্রশাসন থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হচ্ছে না। কর্মসংস্থানের এই অনিশ্চয়তায় তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে অভিযোগ করেন। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। অন্যদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টিএইচএ/
