নৌ-অবরোধ ও হুমকির মুখে আলোচনায় বসবে না ইরান: পেজেশকিয়ান

by Fatih Work

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ ও ক্রমাগত হুমকির মুখে কোনো ধরনের আলোচনায় বসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক ফোনালাপে তেহরানের এই কঠোর অবস্থানের কথা জানান। তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া কোনো শর্ত বা পরিবেশে ইরান সংলাপে অংশ নিতে আগ্রহী নয়।

রোববার (২৬ এপ্রিল) ইরানের প্রেসিডেন্টের দপ্তর থেকে পাঠানো এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যদি আলোচনার পথ প্রশস্ত করতে হয়, তবে যুক্তরাষ্ট্রকে প্রথমেই সব ধরণের ‘বাধা’ দূর করতে হবে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হিসেবে তিনি ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের দাবি জানান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, একতরফা নিষেধাজ্ঞা ও নৌ-সীমানায় সামরিক চাপ বজায় রেখে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয়।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের বিষয়টি শেয়ার করেন। তিনি জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান একটি সৎ ও একনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতে এবং এ লক্ষ্যে অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, দুই দেশের শীর্ষ নেতার এই আলাপের মাধ্যমে ইসলামাবাদ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের একটি ইঙ্গিত দিয়েছিল।

এদিকে কূটনৈতিক মহলে গুঞ্জন ছিল যে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গোপন বা অনানুষ্ঠানিক আলোচনার পরিবেশ তৈরি হতে যাচ্ছে। বিশেষ করে শুক্রবার রাতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ পৌঁছালে সেই সম্ভাবনা আরও জোরালো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ সময় তাঁর দুই প্রতিনিধি পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন। তবে আরাগচি পাকিস্তান ত্যাগ করার পরপরই ট্রাম্প তাঁর সিদ্ধান্ত স্থগিত করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222