পাঁচ দশক আগে যশোরের শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল নামে পরিচিত) খনন কর্মসূচি শুরু করেছিলেন সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান। সময়ের পরিক্রমায় এখন দেশের সরকার প্রধান হিসেবে সেই একই খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন তারই বড় ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সদ্য উন্মোচিত নামফলকটিতে লেখা রয়েছে, ‘যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।’ উল্লেখ্য, ১৯৭৬ সালের ১ নভেম্বর জিয়াউর রহমান এই খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন, যা ছিল দেশব্যাপী স্বেচ্ছাশ্রম ভিত্তিক সামাজিক আন্দোলনের প্রথম পদক্ষেপ।
উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের ভাগ্য নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, ৫ আগস্টের মতো দেশের মানুষ তাদের সমুচিত জবাব দেবে। দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে দেশের ভাগ্য পরিবর্তনে কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, বিএনপি যতবারই সরকার গঠন করে মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়, ততবারই নানা ষড়যন্ত্র হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বর্তমান অর্থনীতির ওপর কিছুটা চাপ সৃষ্টি হলেও সরকার পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণ করবে বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।
বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগের শাসনামলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির কারখানা গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকারের গত কয়েক মাসে বন্ধ থাকা অনেক কলকারখানা পুনরায় চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব বন্ধ কারখানা চালু করা হবে, যার ফলে বিপুল সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়া জনকল্যাণমুখী নতুন প্রকল্পের ঘোষণা দিয়ে তিনি জানান, সরকার বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করবে। একইসঙ্গে মা-বোনদের রান্নার কষ্ট লাঘবে নারীদের জন্য এলপিজি কার্ড চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে জ্বালানি সুবিধা তৃণমূলের মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে বলে তিনি উল্লেখ করেন।
টিএইচএ/
