আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি কাবুলে আফগানিস্তান বিষয়ে রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আরিয়ানা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরিয়ানা জানায়, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন এবং বিভিন্ন খাতে সহযোগিতা বিস্তারের ওপর জোর দেন।
বৈঠকে মুত্তাকি আফগানিস্তান ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানো জরুরি। একইসঙ্গে তিনি যৌথ অর্থনৈতিক কমিশন পুনরায় সক্রিয় করা এবং নিয়মিত রাজনৈতিক পরামর্শের জন্য একটি স্থায়ী কাঠামো গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনায় আঞ্চলিক পরিস্থিতিও উঠে আসে। উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার গুরুত্ব উল্লেখ করে বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে যৌথ প্রচেষ্টা প্রয়োজন। তারা গঠনমূলক আঞ্চলিক সম্পৃক্ততা এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অন্যদিকে জামির কাবুলভ কাবুল ও মস্কোর সম্পর্কের বর্তমান ধারাকে প্রশংসা করে বলেন, রাশিয়া আফগানিস্তানের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও ট্রানজিট খাতে সহযোগিতা সম্প্রসারণে মস্কো আগ্রহী বলে জানান তিনি।
কাবুলভ আরও বলেন, যৌথ অর্থনৈতিক প্রকল্প, বিনিয়োগ উদ্যোগ এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় রাশিয়া। পাশাপাশি আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করাও তাদের লক্ষ্য।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। দুই দেশই অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং আঞ্চলিক অংশীদারিত্ব শক্তিশালী করতে আগ্রহী বলে মনে করা হচ্ছে। সূত্র: আরিয়ানা নিউজ
অনুবাদ: আতাউল্লাহ নাবহান
হাআমা/-
