মক্কার প্রদর্শনীতে ১৯ শতাব্দীর কোরআন কপি

by naymurbd1999@gmail.com

ইসলাম ডেস্ক :: বিস্ময়কর প্রদর্শনী শুরু হয়েছে মক্কায়। প্রদর্শনীতে রাখা হয়েছে ১৯ শতাব্দীর পবিত্র কোরআনের কপি। এটি পবিত্র মক্কা নগরীতে অবস্থিত হেরা কালচারাল ডিস্ট্রিক্টে পবিত্র কোরআনের বিরল ও দুর্লভ কপির প্রদর্শনী আয়োজন করা হয়েছে। প্রদর্শনীতে ১৯ শতাব্দীর এবং চার শ বছরের পুরোনো এই দুর্লভ কোরআনের কপি রয়েছে।

সৌদি প্রেস এজেন্সির এক খবরে বলা হয়েছে, মক্কার পবিত্র কোরআন জাদুঘরে ১৯ শতাব্দীর একটি বিরল কোরআন শরিফ প্রদর্শন করা হচ্ছে। এই নান্দনিক কোরআনের কপিটি ভারতে লিখিত এবং আকারে বেশ ব্যতিক্রমী।

বিজ্ঞাপন
banner

জানা গেছে, পবিত্র কোরআনটি অষ্টভুজ বা আট কোনা আকৃতির। আকার ছোট হওয়ায় এটি সহজে বহন করা যেত। এতে কোরআন লেখার ক্ষেত্রে শৈল্পিকতা ও নতুনত্বের সুন্দর নিদর্শন পাওয়া যায়।

জাদুঘর কর্তৃপক্ষ বলছে, এই প্রদর্শনীর মাধ্যমে দর্শনার্থীরা কোরআনের ক্যালিগ্রাফির ইতিহাস ও পরিবর্তন সম্পর্কে জানতে পারবে। একই সঙ্গে এটি হেরা কালচারাল ডিস্ট্রিক্টের সাংস্কৃতিক ও পর্যটন কার্যক্রমকে আরো সমৃদ্ধ করবে এবং মক্কার আন্তর্জাতিক গুরুত্ব তুলে ধরবে। পাশাপাশি মক্কার বৈশ্বিক সাংস্কৃতিক গুরুত্বকে আরও দৃঢ় করবে।

এর বাইরে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট কোরআন জাদুঘরে জার্মান ভাষায় অনূদিত কোরআনের একটি অত্যন্ত দুর্লভ ও প্রাচীন কপি প্রদর্শিত হচ্ছে। ১৬২৩ সালে জার্মানির নুরেমবার্গ শহরে মুদ্রিত এই কপিটি ইতিহাসের অন্যতম প্রাচীন জার্মান অনুবাদ হিসেবে স্বীকৃত।

আরবি নিউজের খবরে বলা হয়েছে, যুগে যুগে পবিত্র কোরআনের ইতিহাস এবং বিভিন্ন ভাষায় এর অনুবাদের বিবর্তন তুলে ধরার অংশ হিসেবে এই কপিটি সংগ্রহে রাখা হয়েছে। আরবি না জানা মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ঐতিহাসিক কপিটি ইউরোপীয় গবেষক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছিল। এটি মূলত কোরআনিক স্টাডিজ বা কোরআন গবেষণায় প্রাথমিক ইউরোপীয় আগ্রহের এক অনন্য নিদর্শন।

দুর্লভ এই কপিটি কিং ফাহাদ ন্যাশনাল লাইব্রেরির বিশেষ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে। লাইব্রেরি কর্তৃপক্ষ জাতীয় ও বৈজ্ঞানিক ঐতিহ্যের এই অংশটি সাধারণ দর্শনার্থী এবং গবেষকদের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে সৌদি আরবের সাংস্কৃতিক অবস্থানকে আরও সমৃদ্ধ করেছে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের জন্য এক ভিন্নধর্মী অভিজ্ঞতা প্রদান এবং কোরআন কেন্দ্রিক ঐতিহাসিক সম্পদগুলো তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। পবিত্র কোরআন যে শুধু ইবাদতের নয়, বরং যুগ যুগ ধরে জ্ঞান ও দিকনির্দেশনার এক অফুরন্ত উৎস হিসেবে কাজ করছে, এই প্রদর্শনীর মাধ্যমে সেই বার্তাই দেওয়া হচ্ছে।

হেরা মিউজিয়ামের এই সংগ্রহটি বর্তমানে মক্কায় আসা হজ ও উমরা যাত্রীসহ পর্যটকদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। গবেষকরা মনে করছেন, ৪ শ বছরের পুরোনো এই অনুবাদ কপিটি ইসলামি ইতিহাসের বৈশ্বিক প্রসারের এক গুরুত্বপূর্ণ দলিল।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222