বেগুনি জারুলের মায়াবী রঙে সেজেছে রাবি ক্যাম্পাস, মুগ্ধ শিক্ষার্থীরা

by Abid

মো. রেজওয়ান, রাবি প্রতিনিধি: তপ্ত গ্রীষ্মের দাবদাহ ছাপিয়ে বেগুনি রঙের মায়াবী আভায় সেজেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। প্রতি বছরের ন্যায় এপ্রিল থেকে জুন মাসে ক্যাম্পাসের রন্ধ্রে রন্ধ্রে জারুল ফুলের সমারোহ এক অনন্য প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করেছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এবং বিভিন্ন একাডেমিক ভবনের পাশে সারি সারি জারুল গাছে বেগুনি ফুলের ঝলকানি শিক্ষক-শিক্ষার্থী ও দর্শনার্থীদের মনে প্রশান্তি বিলিয়ে দিচ্ছে। জারুলের এই অপূর্ব সমারোহের পাশাপাশি সোনালি রঙের সোনালু এবং লাল কৃষ্ণচূড়ার উপস্থিতি ক্যাম্পাসকে যেন এক নান্দনিক ক্যানভাসে রূপান্তর করেছে।

হলুদ পরাগ সংবলিত বেগুনি রঙের এই ফুলগুলো তার কোমলতা ও নমনীয়তা দিয়ে জয় করে নিচ্ছে সবার হৃদয়। বৃষ্টির পর এই ফুলের উজ্জ্বলতা যেন আরও বহুগুণ বেড়ে যায়। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রোকনুজ্জামান নোমান জানান, এই সময়ে ক্যাম্পাসজুড়ে জারুল ফুলের যে রূপ দেখা যায়, তা সত্যিই অভাবনীয়। গ্রীষ্মের প্রখরতায় যখন প্রকৃতি রুক্ষ হয়ে ওঠে, তখন এই ফুলের রঙ ও সৌন্দর্য চোখে এক ধরনের স্নিগ্ধ প্রশান্তি এনে দেয়। এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে অনেক শিক্ষার্থী ও দর্শনার্থী ক্যাম্পাসে ভিড় করছেন এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি তুলছেন। সব মিলিয়ে ক্যাম্পাসের পুরো পরিবেশ এখন উৎসবমুখর ও আনন্দদায়ক।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী নাহিদ ইসলাম বলেন, জারুল ফুলের এই প্রাচুর্য ক্যাম্পাসের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে সুশৃঙ্খল ও নান্দনিক রূপ ফুটে উঠেছে, তা যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠের ঐতিহ্য রক্ষায় প্রশাসনের প্রচেষ্টার পাশাপাশি প্রকৃতির এই দান ক্যাম্পাসের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। বিশেষ করে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের এই সময়ে জারুল ফুলের উপস্থিতি শিক্ষার্থীদের সারাদিনের ক্লান্তি দূর করে মনে সজীবতা এনে দেয়। এই দৃষ্টিনন্দন রূপের আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222