রাঙ্গামাটি প্রতিনিধি: টানা কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ধসের ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালির সব স্পট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস এবং জেলার বিভিন্ন স্থানে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের কারণে খাড়া পাহাড়ি ঢালে ভূমিধস, পাহাড়ধস ও সাজেক-খাগড়াছড়ি সড়কের যোগাযোগব্যবস্থার মারাত্মক অবনতির আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় সাজেক ভ্রমণে আসা বা আসতে ইচ্ছুক জনসাধারণ ও পর্যটকদের জানমালের নিরাপত্তার কথা সর্বোচ্চ বিবেচনা করেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা চলাকালীন সাজেকের সব পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কটেজ, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যটকসহ সর্বসাধারণের প্রবেশ ও যেকোনো ধরনের ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। হঠাৎ প্রশাসনের এমন সিদ্ধান্তে অনেক পর্যটকের বুকিং বাতিল করতে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কটেজ মালিকরা। তবে জানমালের সুরক্ষায় একে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। উল্লেখ্য, টানা অতিবৃষ্টির কারণে সৃষ্ট একই ঝুঁকির মুখে এর আগে বান্দরবানেরও বেশ কয়েকটি দুর্গম পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
টিএইচএ/
