আষাঢ়-শ্রাবণের অবিরাম ধারায় রূপ বদলেছে গ্রাম বাংলার। নদী-নালা, খাল-বিল এখন কানায় কানায় পূর্ণ। মাইলের পর মাইল বিস্তৃত ফসলের মাঠ তলিয়ে গিয়ে তৈরি হয়েছে এক নতুন জলরাজ্য। বর্ষার এই থৈ থৈ জলরাশি আর বাতাসে ছোট ছোট ঢেউয়ের দোলা যেমন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি, তেমনি এর সাথেই মিশে আছে গ্রামবাংলার মানুষের আনন্দ, সংগ্রাম ও প্রতিদিনের টিকে থাকার গল্প।
বর্ষায় গ্রামের রূপ যেন এক বিশাল ক্যানভাস। চারদিকে থৈ থৈ পানি, আর মাঝখানে দ্বীপের মতো জেগে থাকে ছোট ছোট গ্রামগুলো। দিগন্ত বিস্তৃত পানির ওপর বাতাসের ছোঁয়ায় যখন ছোট্ট ঢেউ খেলে যায়, তখন মনে হয় যেন সমুদ্রের এক ক্ষদে সংস্করণ। টিনের চালে ঝুমঝুম বৃষ্টির শব্দ আর বিলের বুকে সাদা শাপলার হাসি গ্রামবাংলার এই ঋতুকে করে তোলে অদ্ভুত সুন্দর ও কাব্যময়।
বর্ষা এলেই গ্রামবাসীর দৈনন্দিন জীবনযাত্রার গতি বদলে যায়। পথঘাট পানিতে তলিয়ে যাওয়ায় হাঁটার দিন শেষ হয়ে শুরু হয় নৌকার দিন।
ডিঙি নৌকার ব্যস্ততা: বর্ষায় প্রতিটি ঘরেরই যেন অন্যতম প্রধান অনুষঙ্গ হয়ে ওঠে একটি ছোট ডিঙি নৌকা। হাটে-বাজারে যাওয়া, স্বজনদের বাড়ি সফর কিংবা ছোটদের স্কুলে যাওয়া—সবকিছুর জন্যই ভরসা বাঁশের বৈঠা আর কাঠের নৌকা।
মাছ ধরার উৎসব: বর্ষার নতুন পানিতে খাল-বিলে দেশি মাছের সমারোহ ঘটে। জাল, তাফা, কিংবা চাঁই নিয়ে ভোরেই নেমে পড়ে গ্রামের তরুণ ও বৃদ্ধরা। প্রতিটি ঘরে ঘরে তখন শুরু হয় নতুন শোল, বোয়াল কিংবা রূপালী ইলিশের হরেক পদের উৎসব।
রূপের পাশাপাশি কষ্টের সংসার : বর্ষা কেবল কাব্যিক সৌন্দর্যের নাম নয়, অনেকের কাছে এটি এক কঠিন বাস্তবতার নামও বটে।
“বর্ষায় প্রকৃতি সাজে ঠিকই, কিন্তু আমাদের হাত-পা এক প্রকার বন্ধ হয়ে যায়। কামলা খেটে যাদের সংসার চলে, তাদের জন্য এই দিনগুলো বেশ কষ্টের।” — বলছিলেন বিল পাড়ের এক প্রবীণ কৃষক।
একটানা বৃষ্টি আর থৈ থৈ পানির কারণে দিনমজুরদের কাজের সুযোগ কমে আসে। টিনের চাল দিয়ে পানি পড়া, মাটির চুলায় রান্না করার সংগ্রাম আর গো-খাদ্যের তীব্র সংকট দেখা দেয় এ সময়। তবুও গ্রামবাংলার সহজ-সরল মানুষগুলো শত প্রতিকূলতার মাঝেও মুখে হাসি ফুটিয়ে প্রকৃতির এই নিয়মকে বরণ করে নেয়।
বর্ষা একদিকে যেমন গ্রামবাসীকে দেয় কাজের অবসর ও বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার আনন্দ, অন্যদিকে এনে দেয় নদী ভাঙন আর বন্দি জীবনের শঙ্কা। তবুও বর্ষার ঢেউয়ের মতোই দুদুল্যমান গ্রামবাংলার মানুষের জীবন থেমে থাকে না। প্রকৃতির সাথে লড়াই করে, জীবনের সুখে-দুঃখে হাত ধরাধরি করে নদীর তরঙ্গের সাথেই তাল মিলিয়ে বয়ে চলে তাদের জীবনগাথা।
লেখক : কো-অর্ডিনেটর, ইকরা বাংলাদেশ স্কুল হবিগঞ্জ
