মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের ‘বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর ২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার (২ এপ্রিল) অনুষ্ঠিত এই সভায় বিদায়ী কমিটির পক্ষ থেকে সংগঠনের যাবতীয় কার্যক্রমের হিসাব ও প্রতিবেদন পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি মো. শহিদুল ইসলাম এবং যৌথভাবে সঞ্চালনা করেন শাহীন আলম ও আয়েশা সিদ্দিকা। সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মনিমুল হক, অধ্যাপক ড. ফারহাত তাসনিম, মো. ইব্রাহীম আদহাম, প্রতিষ্ঠাতা উপদেষ্টা আহম্মেদ সজীব এবং উপদেষ্টা মো. খালিদ হাসানসহ সংগঠনের জ্যেষ্ঠ সদস্যবৃন্দ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সাধারণ সম্পাদক রুকাইয়া খাতুন। এরপর গত এক বছরের বার্ষিক হিসাব ও কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বিগত মেয়াদে সংগঠনের উল্লেখযোগ্য অর্জন হিসেবে নবজাগরণ শিক্ষা নিকেতন পুনরায় চালু করা, নিজস্ব ওয়েবসাইটের উন্নয়ন, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, অমর একুশে বইমেলায় অংশগ্রহণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণের বিষয়গুলো তুলে ধরা হয়। আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, তরুণদের এমন সৃজনশীল ও স্বেচ্ছাসেবী কার্যক্রম সমাজের ইতিবাচক পরিবর্তনে অনন্য ভূমিকা রাখছে। নবজাগরণ ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করার যে লক্ষ্য নিয়ে কাজ করছে, তা অন্যদের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদায়ী কমিটি আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে সংগঠনের দায়িত্ব হস্তান্তর করে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে শাহীন আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া শিক্ষা প্রশাসন সম্পাদক পদে নুরুস্সালাম গালিব ও অর্থ সম্পাদক পদে তাহমিনা উর্মি মনোনীত হয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে আশিকুর রহমান শাহকে আহ্বায়ক এবং সামিউল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে একটি অ্যালামনাই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি বর্তমান কমিটির কার্যক্রম নিয়মিত তদারকির জন্য একটি মনিটরিং টিম এবং পাঁচজন নতুন উপদেষ্টাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
আয়োজনের শেষ পর্যায়ে বিদায়ী কমিটির সদস্যদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংগঠনের কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেরা স্বেচ্ছাসেবী’, ‘সেরা শিক্ষক’ ও ‘কনভেনার’ ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। বিদায়ী সভাপতি মো. শহিদুল ইসলাম তার সমাপনী বক্তব্যে বলেন, সকলের দলগত প্রচেষ্টা এবং স্বেচ্ছাসেবীদের নিরলস পরিশ্রমই সংগঠনের সাফল্যের মূল চাবিকাঠি। নতুন নেতৃত্বের হাত ধরে নবজাগরণ ফাউন্ডেশন ভবিষ্যতে আরও অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের মৌলিক অধিকার বিশেষ করে শিক্ষা নিয়ে কাজ করে আসছে।
টিএইচএ/
