আন্তর্জাতিক ডেস্ক: ২০২৬ সালের (১৪৪৭ হিজরি) পবিত্র হজ পালন করতে আসা হাজিদের ইমিগ্রেশন ও প্রবেশ প্রক্রিয়া দ্রুততর করতে আধুনিক মোবাইল পাসপোর্ট কাউন্টার ডিভাইস চালু করেছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত)। দেশটির বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরসহ সকল আন্তর্জাতিক প্রবেশপথে এই প্রযুক্তি চালু করা হয়েছে। মূলত বয়স্ক এবং শারীরিক প্রতিবন্ধী হাজিদের দীর্ঘ লাইনে দাঁড়ানোর ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই মোবাইল কাউন্টার ডিভাইসগুলোর মাধ্যমে সরাসরি ঘটনাস্থলেই হাজিদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, চোখের মণি ও মুখাবয়বের ছবি গ্রহণ এবং পাসপোর্টের তথ্য রিড করা সম্ভব। এর ফলে হজ মৌসুমে হাজিদের ব্যাপক ভিড়ের সময় ইমিগ্রেশন পয়েন্টগুলোতে অপেক্ষার সময় অনেকাংশে কমে আসবে। ডিজিটাল এই প্রযুক্তি ব্যবহারের ফলে বয়স্ক হাজিরা কোনো লাইনে না দাঁড়িয়েই দ্রুততম সময়ে তাদের প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
পাসপোর্ট অধিদপ্তর আরও উল্লেখ করেছে যে, এই ডিভাইসগুলোতে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা ও নির্ভরযোগ্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা একই সাথে নিরাপত্তা নিশ্চিত করবে এবং হাজিদের জন্য যাতায়াত সহজতর করবে। ২০২৬ সালের হজে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ মানুষের ভিড় সামাল দিতে সৌদি সরকার যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, এটি তারই একটি অংশ। উন্নত ক্রাউড ম্যানেজমেন্ট সিস্টেম, পরিবহন লজিস্টিকস এবং ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণের মাধ্যমে হাজিদের জন্য হজের সফর আরও স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে সৌদি প্রশাসন।
টিএইচএ/
