পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজেপি অনেকটা এগিয়ে থাকলেও একে ‘ভুয়া খবর’ বলে আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ সোমবার (৪ মে) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ‘জরুরি বার্তায়’ তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য প্রচার করে তৃণমূল কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে।
ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের প্রার্থী এবং নির্বাচনী এজেন্টদের বলেন, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই যেন তারা গণনাকেন্দ্র ত্যাগ না করেন। তিনি অভিযোগ করেন, যেসব আসনে তৃণমূল এগিয়ে আছে, সেগুলোর সঠিক তথ্য প্রকাশ করা হচ্ছে না। বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের পার্টি কর্মীদের বলবো, মন খারাপ করার কোনো কারণ নেই। অনেক জায়গায় জোর করে গণনা থামিয়ে দেওয়া হয়েছে। আমি আগেও বলেছি, সূর্য ডোবার পর আপনারাই জিতবেন। আপনারা বাঘের বাচ্চার মতো লড়াই করুন, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন যে, নির্বাচনে কারচুপি করার লক্ষ্যেই এমন একপেশে প্রবণতা দেখানো হচ্ছে। তিনি কর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে ‘ওয়েট অ্যান্ড সি’ (অপেক্ষা করুন এবং দেখুন) নীতি অনুসরণের আহ্বান জানান।
উল্লেখ্য, সকাল থেকে শুরু হওয়া গণনায় অধিকাংশ আসনে বিজেপি এগিয়ে থাকার খবর আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও বার্তাটি রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যে বিজেপি ও তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং চূড়ান্ত ফলাফলের জন্য বিকেলের শেষভাগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
টিএইচএ/
