রাত ১টার মধ্যে ৮ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি

by Abid

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর আড়াইটা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন
banner

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৈরী আবহাওয়ার কারণে এসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় দেশের সর্বোচ্চ ৭০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া নওগাঁর বদলগাছীতে ৪৮ মিলিমিটার, ফরিদপুর ও রাজশাহীর বাঘাবাড়ীতে ৪৪ মিলিমিটার, কিশোরগঞ্জের নিকলিতে ৩৮ মিলিমিটার, দিনাজপুরে ৩৪ মিলিমিটার, নারায়ণগঞ্জে ৩৩ মিলিমিটার এবং রাজধানী ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, বর্তমানে বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে। এমনকি বর্ধিত ৫ দিনের শেষ দিকে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে নদীবন্দরগুলোতে আকস্মিক ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222