৩৬নিউজ ডেস্ক : বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণির অধিকার আদায় এবং শোষক শক্তির উৎখাতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে শ্রমিক অধিকার পরিষদ।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুর রহমান অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে যখন অধিকাংশ শ্রমিক সংগঠন লেজুড়বৃত্তিতে ব্যস্ত ছিল, ঠিক তখন শ্রমিক অধিকার পরিষদ জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন চালিয়ে গেছে। যার ফলে ২৮ অক্টোবরের আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানে তাদের অসংখ্য নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন এবং অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রমিক সংগঠনকে এখন ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে যাতে শ্রমজীবী মানুষের অধিকার সুসংহত হয়। অন্যদিকে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান দেশের বর্তমান শ্রমিক পরিস্থিতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমিক শোষণ এখনো বন্ধ হয়নি। সিন্ডিকেট ব্যবস্থার কারণে ৫ লক্ষ টাকার সিএনজি এখন ৩০ লক্ষ টাকায় কেনাবেচা হচ্ছে, যা সাধারণ শ্রমিকের ওপর চরম জুলুম। তিনি আরও স্পষ্ট করে বলেন, তাদের দল সরকারের অংশীজন হলেও যেকোনো অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তারা রাজপথে যৌক্তিক সমালোচনা চালিয়ে যাবেন।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল ইমরানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নূর, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম, এসএসপির প্রধান সমন্বয়ক মোশারেফ হোসেন মন্টু এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন। এছাড়া বিভিন্ন পেশাজীবী ইউনিটের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মোল্লা সভায় উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। বক্তারা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং সকল প্রকার সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।
টিএইচএ/
