লাইফস্টাইল ডেস্ক: ছুটির বিকেল মানেই ফুরফুরে মেজাজ, বন্ধুদের আড্ডা। আর সেই সময়টাকে আরও উপভোগ্য করে তুলতে চায়ের কাপের সঙ্গে গরম গরম নাস্তার জুড়ি নেই। বাইরের খাবারের ঝামেলা এড়িয়ে ঘরেই তৈরি করতে পারেন রেস্টুরেন্ট স্টাইলের সুস্বাদু ‘চিকেন ডাম্পলিং’। সহজ উপকরণ, ঝটপট তৈরির এই রেসিপিটি আপনার ছুটির বিকেলের আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত।
তৈরির উপকরণ:
-
পুরের জন্য: চিকেন কিমা ২৫০ গ্রাম, আদা-রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সয়া সস ১ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, তেল ১ চা চামচ এবং স্বাদমতো লবণ।
-
ডোর জন্য: ময়দা ১ কাপ, লবণ এক চিমটি, সামান্য তেল ও পরিমাণমতো পানি।
প্রস্তুত প্রণালী:
১. পুর ও ডো তৈরি: প্রথমেই চিকেন কিমার সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে ৩০ মিনিটের জন্য রেখে দিন। অন্যদিকে, ময়দা, লবণ, তেল ও পানি দিয়ে নরম ডো তৈরি করে ১০ মিনিট ঢেকে রাখুন।
২. আকার দেওয়া: ১০ মিনিট পর ডো থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা রুটি বেলে নিন। এবার রুটির মাঝখানে তৈরি করে রাখা চিকেনের পুর দিয়ে কিনারাগুলো মুড়িয়ে আপনার পছন্দের ডাম্পলিং শেপ তৈরি করুন।
৩. স্টিম বা ভাপানো: স্টিমারের পাত্রে সামান্য তেল মাখিয়ে তাতে ডাম্পলিংগুলো সাজিয়ে রাখুন। এরপর একটি পাত্রে পানি ফুটিয়ে তার ওপর স্টিমারটি বসিয়ে দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু চিকেন ডাম্পলিং।
ব্যাস! আপনার বিকেলের নাস্তা তৈরি। এবার পছন্দমতো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন পরিবারের প্রিয়জনদের সঙ্গে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে এমন স্বাস্থ্যকর নাস্তা আপনার ছুটির বিকেলের টেবিলকে করবে আরও আকর্ষণীয়।
টিএইচএ/
