ইসলামাবাদের নীতি তালেবানকে বন্ধু থেকে শত্রুতে পরিণত করেছে: মাওলানা ফজলুর রহমান

by hsnalmahmud@gmail.com

পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান আফগানিস্তানের তালেবান প্রশাসনের প্রতি দেশটির সরকারের নীতি ও অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। মঙ্গলবার (১৯ মে) করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইসলামাবাদের ভুল নীতির কারণেই এক সময় ‘পাকিস্তানের সমর্থক’ থাকা তালেবানরা এখন দেশের শত্রুতে পরিণত হয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, ধারাবাহিক কিছু ভুল রাজনৈতিক ও নিরাপত্তা সিদ্ধান্তের ফলে পাকিস্তান ও আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক টানাপোড়েন তৈরি হয়েছে। তার মতে, সীমান্তের দুপাশে জাতিগত ও ভৌগোলিক সম্পর্কের কারণে দুই দেশের যেকোনো উত্তেজনার সরাসরি সামাজিক ও অর্থনৈতিক প্রভাব পড়ে।

বিজ্ঞাপন
banner

মাওলানা ফজলুর রহমান উল্লেখ করেন, বিভিন্ন সময়ে ইসলামাবাদ আফগানিস্তানে একটি পাকিস্তানপন্থী সরকার গঠনের চেষ্টা করেছে। তবে এই দৃষ্টিভঙ্গি কেবল ব্যর্থই হয়নি, বরং সংকটকে আরও জটিল করে তুলেছে এবং পারস্পরিক অবিশ্বাস বাড়িয়েছে।

তিনি বলেন, “আমরা সবসময় আফগানিস্তানে এমন একটি সরকার চেয়েছি যা পাকিস্তানের পক্ষে থাকবে। (সাবেক আফগান প্রেসিডেন্ট) বুরহানউদ্দিন রব্বানীর সমালোচনা করতাম, এরপর তালেবানদের নিজেদের সমর্থক মনে করতাম। তারা যখন ক্ষমতায় এলো, আমরা তাদের স্বীকৃতিও দিয়েছিলাম এবং কূটনৈতিক মর্যাদাও দিয়েছিলাম।”

তালেবানের কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই প্রবীণ ধর্মীয় রাজনীতিবিদ আরও বলেন, “১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) হামলার পর আমরা আমেরিকার পাশে দাঁড়ালাম, তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলাম এবং আফগানিস্তানে বারবার হামলা চালানো হলো। আবার একই সময়ে, তালেবানের কিছু উপাদানকে পাকিস্তানে আশ্রয়ও দেওয়া হয়েছিল।”

নিরাপত্তা-কেন্দ্রিক নীতির সমালোচনা করে ফজলুর রহমান বলেন, কেবল সামরিক পন্থার ওপর অতিরিক্ত নির্ভরতা সীমান্ত সমস্যার সমাধান তো করেইনি, উল্টো পাকিস্তানের সীমান্ত অঞ্চলগুলোতে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। তিনি ওয়াজিরিস্তান, বান্নু, লাক্কি মারওয়াত, টাঙ্ক এবং ডেরা ইসমাইল খানের বর্তমান পরিস্থিতিকে এই ভুল সামরিক নীতিরই ফল হিসেবে উল্লেখ করেন।

তিনি প্রশ্ন তোলেন, কীভাবে পাকিস্তান আফগানিস্তানের ভেতরে সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা শনাক্ত করতে পারলেও, নিজেদের দেশের ভেতরে তা শনাক্ত করতে ব্যর্থ হচ্ছে?

পাকিস্তানের পররাষ্ট্রনীতি অকার্যকর হয়ে পড়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, আফগানিস্তানের ক্ষেত্রে কেন সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলো?

এই পাকিস্তানি রাজনীতিবিদ দেশটির পররাষ্ট্রনীতি পর্যালোচনার জন্য সংসদের একটি ইন-ক্যামেরা (রুদ্ধদ্বার) অধিবেশন ডাকার আহ্বান জানান এবং বলেন যে, আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে সংসদ সদস্যদের স্পষ্ট ধারণা দেওয়া উচিত।

উল্লেখ্য, মাওলানা ফজলুর রহমান আফগানিস্তানের তালেবানের একজন কট্টর সমর্থক। তিনি বহু বছর ধরে আফগানিস্তানের সাবেক সরকার এবং বিদেশী বাহিনীর বিরুদ্ধে তালেবানের সশস্ত্র লড়াইকে সমর্থন জুগিয়েছেন। রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তিনি তালেবানের ‘আধ্যাত্মিক পিতা’ হিসেবেও পরিচিত। সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল

অনুবাদ: আব্দুল্লাহ কাসিম আজওয়াদ

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222