ঝিনাইদহে হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৪ মে) সন্ধ্যায় শহরের স্টেডিয়াম এলাকা থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় স্টেডিয়ামের পাশে ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে যান। তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পরে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।
হাআমা/
