আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সরকারি বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে স্থানীয় ইহুদি কমিউনিটি।
বুধবার (২৭ মে) এক বিশেষ প্রতিবেদনে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে। ম্যানহাটনে অবস্থিত মেয়রের সরকারি বাসভবনের সামনে আয়োজিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীদের হাতে ‘রিমুভ মামদানি’ লেখা বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়। এছাড়া বিক্ষোভকারীরা এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাতীয় পতাকা বহন করেন এবং অনেকের গায়ে ‘মেক লাভ, নট ইনতিফাদা’ সংবলিত বিশেষ স্টিকার সাঁটানো ছিল।
এই রাজনৈতিক প্রতিবাদের আয়োজন করে ইহুদিবিদ্বেষবিরোধী আন্তর্জাতিক সংগঠন ‘এন্ড জিউ হেট্রেড’। সংশ্লিষ্ট আয়োজকদের দাবি, মেয়র জোহরান মামদানির নীতি ও সাম্প্রতিক কিছু পদক্ষেপের বিরুদ্ধে আয়োজিত পুরো কর্মসূচিতে প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে জোহরান মামদানি দায়িত্ব গ্রহণ করার পর তার সরকারি বাসভবনের সামনে ইহুদি সম্প্রদায়ের পক্ষ থেকে এটিই প্রথম কোনো বড় ধরনের ও সুসংগঠিত বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মেয়রের বাসভবন ও এর আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তুলেছে নিউইয়র্ক পুলিশ।
টিএইচএ/
