আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অন্তত ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে দেশটির সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির শর্তকে তোয়াক্কা না করে তিনি এই নির্দেশ দিলেন। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ এ প্রচারিত একটি ভিডিও বক্তব্যে তাকে সরাসরি এই নির্দেশনা দিতে দেখা গেছে। অধিকৃত পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে আয়োজিত কনফারেন্সে দেওয়া ওই ভিডিও বক্তব্যে নেতানিয়াহু দাবি করেন, তারা গাজায় হামাসের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছেন।
বৃহস্পতিবার রাতে প্রচারিত ওই ভিডিওতে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বর্তমানে আমরা গাজা উপত্যকার প্রায় ৬০ শতাংশ এলাকার পূর্ণ নিয়ন্ত্রণে আছি। আপনারা জানেন, পূর্বে এটি ৫০ শতাংশ ছিল, যা থেকে আমরা বর্তমানে ৬০ শতাংশে উন্নীত করেছি। এখন আমার স্পষ্ট নির্দেশ হলো, আমাদের এই নিয়ন্ত্রণকে দ্রুত ৭০ শতাংশে নিয়ে যেতে হবে। আমরা হামাসকে সব দিক থেকে চেপে ধরেছি এবং এর পরে যা অবশিষ্ট থাকবে, তা নিয়ে পরবর্তী সময়ে দেখা যাবে।
ভিডিওতে দেখা যায়, নেতানিয়াহুর বক্তব্য চলাকালীন কনফারেন্সে উপস্থিত এক ব্যক্তি চিৎকার করে পুরো ১০০ শতাংশ অর্থাৎ সমগ্র গাজা উপত্যকা দখলের আহ্বান জানান। জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি সুনির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রেখে ধাপে ধাপে এগোচ্ছি। আগে ৭০ শতাংশ হোক, আমরা এটি দিয়ে শুরু করব। পুরো গাজা উপত্যকা সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার সুদূরপ্রসারী সম্ভাবনাও তিনি উসকে দিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। এর আগে গত ১৫ মে এক বিবৃতিতে নেতানিয়াহু গাজায় সামরিক উপস্থিতি বাড়ানোর ইঙ্গিত দিয়ে বলেছিলেন, অনেকেই আমাদের গাজা থেকে বের হয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা বের হইনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর মাসে আন্তর্জাতিক মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনীর একটি নির্দিষ্ট সীমারেখা বা ‘ইয়েলো লাইন’-এর পেছনে অবস্থান করার কথা ছিল। তবে ইসরায়েলি সেনাবাহিনী গত মার্চ মাস থেকেই মানবিক সহায়তা সংস্থাগুলোকে দেওয়া মানচিত্রে এই সীমারেখা লঙ্ঘন করে অতিরিক্ত এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টি স্পষ্ট করে। যুদ্ধবিরতির প্রথম ধাপে জিম্মি ও বন্দি বিনিময় সম্পন্ন হলেও দ্বিতীয় ধাপের আলোচনা বর্তমানে সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে। এরই মাঝে নেতানিয়াহুর এই নতুন ঘোষণা এবং গাজার সীমানা ক্রমশ ভেতরের দিকে ঠেলে দেওয়ার প্রক্রিয়া চলমান থাকায় ওই অঞ্চলে মানবিক সংকট ও উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে।
টিএইচএ/
